ভাইবারে যুক্ত হলো ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার
সহজে ও বিনামূল্যে যোগাযোগে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ রাকুতেন ভাইবার তাদের সকল ধরনের চ্যাটে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারটি যুক্ত করার ঘোষণা দিয়েছে। এ ফিচারের মাধ্যমে বার্তাগ্রহীতা প্রেরকের বার্তা দেখার পরপরই স্বয়ংক্রিয়ভাবে বার্তাটি ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে, তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয় গণনা শুরু হবে।
এর আগে, শুধুমাত্র সিক্রেট চ্যাটেই এ সুবিধা ছিলো। কিন্তু শিগগিরই, ব্যবহারকারীরা টেক্সট, ছবি, ভিডিও অথবা অন্যান্য ফাইল পাঠানোর ক্ষেত্রে সেকেন্ড, মিনিট, ঘণ্টা, এমনকি দিনের সময়সীমাও নির্ধারণ করতে পারবেন।
এমনটাই জানিয়েছেন ভাইবারের চিফ অপারেটিং অফিসার অফির ইয়াল।
তার দাবি, যেকোন ‘ওয়ান-অন-ওয়ান’ চ্যাট করার ক্ষেত্রে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ সুবিধা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত মেসেজিং অ্যাপ হওয়ার পথে ভাইবারকে এগিয়ে নিয়ে গিয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে ভাইবারে ডাটা সুরক্ষিত রাখতে পারবেন ১শ’ কোটি ব্যবহারকারী।
‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারটি ব্যবহার করতে হলে একজন ব্যবহারকারীকে প্রথমে চ্যাটের নিচে থাকা ‘ক্লক’ আইকনে ট্যাপ করতে হবে এবং তারপর বার্তা মুছে ফেলার সময়সীমা নির্বাচিত করতে হবে। তারপর টেক্সট লিখে প্রাপকের কাছে বার্তা পাঠাতে হবে।